টুইটার ব্যবহারকারীরা একদিনে কয়টি টুইট পড়তে পারবেন সে সংখ্যা অস্থায়ীভাবে বেঁধে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক। শনিবার এক টুইটবার্তায় তিনি বলেছেন, আনভেরিফায়েড অ্যাকাউন্টগুলো এখন দিনে সর্বোচ্চ এক হাজার পোস্ট পড়তে পারবে।
তবে নতুন আনভেরিফায়েড অ্যাকাউন্টগুলোর জন্য এই সংখ্যাটি হল ৫০০। আর ভেরিফায়েড অ্যাকাউন্টগুলো বর্তমানে দিনে ১০ হাজার পোস্ট পড়তে পারবে।
মাস্ক প্রাথমিকভাবে আরও কঠোর সীমানা নির্ধারণ করলেও, ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেগুলো পরিবর্তন করেন। তিনি বলেন, এই অস্থায়ী সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে ‘ডেটা স্ক্র্যাপিং এবং সিস্টেম ম্যানিপুলেশনের চরম মাত্রা’ মোকাবেলা করার জন্য। তবে এই প্রসঙ্গে সিস্টেম ম্যানিপুলেশন বলতে কী বোঝায় তা তিনি ব্যাখ্যা করেননি।
পদক্ষেপটিকে ‘অস্থায়ী জরুরি ব্যবস্থা’ হিসাবে বর্ণনা করেছেন তিনি।
ডাটা স্ক্র্যাপিং দ্বারা মাস্ক কী বোঝাচ্ছেন তা পুরোপুরি পরিষ্কার নয়। সম্ভবত এর মাধ্যমে ভাষার মডেলগুলোকে প্রশিক্ষণ দেওয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি কর্তৃক তথ্য আহরণকে বোঝানো হচ্ছে।
সহজ ভাষায়, ডেটা স্ক্র্যাপিং হল ইন্টারনেট থেকে তথ্য টেনে আনা। বৃহৎ ভাষার মডেলগুলোকে মানুষের প্রকৃত কথোপকথন থেকে শিখতে হবে।
কিন্তু একটি চ্যাটবটের সাফল্যের জন্য গুণমান অত্যাবশ্যক। রেডিট এবং টুইটারের বিলিয়ন পোস্টের বিশাল ভাণ্ডারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ডেটা বলে মনে করা হয়- এবং এআই কোম্পানিগুলো এই ডেটা ব্যবহার করে।
টুইটার এবং রেডিটের মতো প্ল্যাটফর্মগুলো অর্থের বিনিময়ে এই ডেটা প্রদান করতে চায়।
টুইটার ইতিমধ্যেই তার অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) ব্যবহারের জন্য ব্যবহারকারীদের কাছ থেকে টাকা নেয়া শুরু করেছে, যা প্রায়শই তৃতীয় পক্ষের অ্যাপ এবং গবেষকরা ব্যবহার করে থাকেন। এর মধ্যে এআই কোম্পানিগুলো অন্তর্ভুক্ত থাকতে পারে।
আবার মাস্ক মানুষকে টুইটারের সাবস্ক্রিপশন পরিষেবা টুইটার ব্লুর দিকে ঠেলে দিতে চাইছেন। এটাও সম্ভব যে তিনি এমন একটি মডেল বানাতে চান, যেখানে ব্যবহারকারীদের সম্পূর্ণ টুইটার পরিষেবা ও সীমাহীন পোস্ট পড়তে অর্থ প্রদান করতে হবে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।