রাজধানীর বাজারে অবশেষে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। দাম আরও কমবে বলে জানাচ্ছেন বিক্রেতারা। দেশি নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায় পেঁয়াজের এ দরপতন বলে জানা গেছে।
দাম কমার বিষয়ে বিক্রেতারা জানান, দেশি নতুন পেঁয়াজের সরবরাহ বাড়ায় একদিনে কেজিতে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে। যেটি গতকালও (১০ই ডিসেম্বর) ১৪০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। একদিকে নতুনের সরবরাহ বৃদ্ধি, অন্যদিকে ক্রেতা কম- দুইয়ে মিলে দেশি পুরান পেঁয়াজের দামও কেজিতে কমেছে ১০ টাকা। বর্তমানে প্রতিকেজি বিক্রি হচ্ছে ১৯০ টাকায়।
বাজারে কমছে ভারতীয় পেঁয়াজের দামও। এক বিক্রেতা বলেন, গতকাল যে মানের ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে সর্বনিম্ন ১৬০ টাকা কেজি দরে, আজ সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫৫ থেকে ১৬০ টাকায়। তাছাড়া পুরান দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৯০ টাকা থেকে ২০০ টাকা।
পাতা পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা করে কমেছে। এবিষয়ে আরেকজন বিক্রেতা বলেন, ‘গতকাল প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকা দরে কিনে ৮০ টাকায় বিক্রি করেছি। আজ ৬০ টাকায় কিনে ৭০ টাকায় বিক্রি করছি।
দাম কমার বিষয়ে পেঁয়াজ বিক্রেতারা বলেন, গতকাল পেঁয়াজের সরবরাহ কম ছিল। আজকে আবার সরবরাহ বেড়েছে। কিন্তু ক্রেতা কম। এর জন্য দামও কম। আবার আড়তেও দাম কম। তাছাড়া দেশি পেঁয়াজ বাজারে ঢুকছে। কাজেই আরও দাম কমার সম্ভাবনা রয়েছে।
কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে, গত দুই অর্থবছরের পুরো ১২ মাস ধরে যে পরিমাণ পেঁয়াজ আমদানি হয়েছে, এবার গত সাড়ে ৫ মাসেই আমদানি হয়েছে প্রায় সেই পরিমাণ। এ অবস্থায় আমদানি বন্ধ করলেও দেশের বাজারে কোন সমস্যা হবে না বলে জানাচ্ছেন আমদানিকারকরা।
বিক্রেতাদের দাবি, ক্রেতারা আতঙ্কিত হয়ে প্রয়োজনের তুলনায় বেশি না কিনলে দেশের বাজারে দাম বৃদ্ধির কোনো আশঙ্কা নেই।
এছাড়া, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ভারত থেকে আমদানির লক্ষ্যে ঋণপত্র (এলসি) খোলা ৫ হাজার মেট্রিক টন পেঁয়াজের মধ্যে ১ হাজার ৬০০ টন এরইমধ্যে দেশে এসেছে। বাকি ৩ হাজার ৪০০ মেট্রিক টন পেঁয়াজ দ্রুত ছাড় করিয়ে আনার লক্ষ্যে কাজ চলছে বলে জানান হায়দার আলী।
ভারতের নিষেধাজ্ঞা আরোপের আগেই সেখান থেকে ৫২ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির জন্য এলসি খোলা হয়। এখন এই পেঁয়াজ দ্রুত দেশে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।