পবিত্র রমজান মাস বছর ঘুরে আবারও নিকটে এসে পরেছে। ইসলাম ধর্ম বিষয়ক ওয়েবসাইট ‘ইসলামিক ইনফরমেশন’ জানায়, রমজান শুরু হতে ১০০ দিন বাকি রয়েছে।
২০২৬ সালে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান মাস ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে। সেই অনুযায়ী, বাংলাদেশ ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে বাংলাদেশে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
আমিরাতের জ্যোতির্বিদ্যা সংস্থা এমিরেট অ্যাস্ট্রোনমি সোসাইটি-এর চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান সংবাদমাধ্যম গালফ নিউজ-কে জানিয়েছেন, ১৭ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে ১৪৪৭ হিজরির রমজানের চাঁদ আকাশে উঠলেও সূর্যাস্তের মাত্র ১ মিনিট পর চাঁদটি অস্ত যাওয়ায় খালি চোখে দেখা সম্ভব হবে না। তাই ১৮ ফেব্রুয়ারি নয়, ১৯ ফেব্রুয়ারি রমজান শুরু হবে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতে রমজানের শুরুর কয়েকদিন প্রায় ১২ ঘণ্টা রোজা পালন করতে হবে। রমজান মাস যত এগোবে, রোজার সময় আরও বৃদ্ধি পাবে এবং মাসের শেষ দিকে এটি প্রায় ১৩ ঘণ্টা দীর্ঘ হবে।
সংবাদমাধ্যম আল-আরাবিয়া জানায়, আগামী ১৮ ফেব্রুয়ারি সৌদি আরবে চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে। মধ্যপ্রাচ্যের একদিন পরেই বাংলাদেশে রোজা ও ঈদ শুরু হয়। তাই বাংলাদেশে রমজানের প্রথম দিন হতে পারে ২০ ফেব্রুয়ারি এবং ঈদুল ফিতর ২১ মার্চ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে।