ঢাকা শেয়ার বাজার

১৪ জানুয়ারি ২০২৬ বুধবার ৩০ পৌষ ১৪৩২

বাংলাদেশের পুঁজিবাজার সংস্কারে ৩০টি প্রস্তাবনা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

আমাদের দেশের পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ এবং বিনিয়োগের বহুমাত্রিকতা আশানুরূপ না হওয়ায় কাংখিত মাত্রায় পুঁজিবাজার উন্নয়ন সম্ভব হয়নি। বাংলাদেশে ব্যাংকসমূহ স্বল্পমেয়াদি অর্থায়নের উৎস হিসেবে কাজ করার পাশাপাশি দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস হিসেবেও ভূমিকা রাখায় পুঁজিবাজার থেকে দীর্ঘমেয়াদি অর্থায়ন সংগ্রহে কোম্পানিগুলোর আগ্রহ কম প্রতীয়মান হয়।

টেকসই উন্নয়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হিসেবে বাংলাদেশের সম্ভাবনাময় পুঁজিবাজারকে এগিয়ে নিতে নিম্নোক্ত প্রস্তাবনাসমূহ বিবেচনার জন্য উপস্থাপন করা হলো।

১। লিস্টেড ও নন লিস্টেড কোম্পানির কর হারের ব্যবধান বাড়িয়ে কোম্পানিগুলোকে লিস্টেড হওয়ার জন্য উৎসাহিত করা যেতে পারে। Tax Holiday প্রাপ্ত কোম্পানিসমূহের আয়ের একটি অংশ পুঁজিবাজারে বিনিয়োগ করা নিশ্চিত করা যেতে পারে।

২। সেকেন্ডারি মার্কেটে লেনদেনের ক্ষেত্রে শেয়ার Settlement-এর সময়সীমা তাৎক্ষণিক করা যেতে পারে।

৩। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ বিধায় মার্জিন ঋণ ব্যবহার নিয়ন্ত্রণে মার্জিন ঋণ প্রদানের ক্ষমতা মার্চেন্ট ব্যংকসমূহের মধ্যে সীমাবদ্ধ রাখা যেতে পারে।

৪।  ডাইরেক্ট লিস্টিং প্রক্রিয়ায় সরকারি কোম্পানির পাশাপাশি স্বনামধন্য মাল্টিন্যাশনাল কোম্পানিসমূহকে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করে মার্কেটে সিকিউরিটিজ সরবরাহ বাড়ানো যেতে পারে।

৫। দ্রুততম সময়ের মধ্যে আইপিও আবেদন নিষ্পত্তি করলে তালিকাভুক্তিতে কোম্পানিসমূহ আগ্রহী হবে। সেক্ষেত্রে সর্বোচ্চ সময়সীমা হতে পারে ৯০দিন। আইপিও আবেদন ও এর নিষ্পত্তির সম্পূর্ণ প্রক্রিয়া অনলাইন ভিত্তিক করা যেতে পারে।

৬। পুনঃপুনঃ তথ্য উপস্থাপন হ্রাস করে প্রসপেক্টাসকে সহজে বোধগম্য করার সুবিধার্থে সংক্ষিপ্ত করার ব্যবস্থা করা যেতে পারে ।

৭। হিস্টোরিক্যাল ডাটার উপর অধিক গুরুত্ব না দিয়ে কোম্পানির ইন্ডাস্ট্রি অনুযায়ী বিজনেসের ভবিষ্যৎ অনুমান এবং ব্যবস্থাপনার দক্ষতা পর্যবেক্ষণ করে ভবিষ্যৎ আয় বৃদ্ধির পরিকল্পনা বিশ্লেষণে গুরুত্ব দিতে হবে।

৮।  NBR, RJSC, Audit Farm, Credit Rating Company, IDRA সহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষকে অনলাইন ভিত্তিক করতে হবে যাতে কোম্পানিসমূহের অনুকূলে ইস্যুকৃত কাগজাদির সঠিকতা বিএসইসি/ এক্সচেঞ্জসমূহ কর্তৃক নিরূপণ করা যায়।

৯। স্টক এক্সচেঞ্জসমূহের ভূমিকা শক্তিশালী করার মাধ্যমে ডাইরেক্ট লিস্টিং এর পাশাপাশি সীমিত পরিসরে আইপিও (যেমন স্মল ক্যাপ) অনুমোদনের ক্ষমতা দেয়া যেতে পারে।

১০। গ্রুপ অব কোম্পানিসমূহ তালিকাভুক্তিকরণে প্রয়োজনীয় শর্ত শিথিল করা যেতে পারে। অর্থাৎ একই ব্যক্তি একাধিক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করতে পারবে।

১১। সংশ্লিষ্ট আর্থিক বছর/পিরিয়ড শেষ হওয়ার ১২০দিনের মধ্যে আইপিও আবেদন জমা দেয়ার বাধ্যবাধকতা শিথিল করা যেতে পারে।

১২। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে শেয়ার বরাদ্দের ক্ষেত্রে সুনির্দিষ্ট শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে কোম্পানির আর্থিক অবস্থা কী থাকতে হবে, কারা বিনিয়োগ করতে পারবেন এবং কী পরিমাণ করতে পারবেন সে বিষয়ে শর্ত দেয়া যেতে পারে।

১৩। হোল্ডিং কোম্পানির মালিকানায় শেয়ার আছে এমন কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে হোল্ডিং কোম্পানির সাবসিডিয়ারি মার্চেন্ট ব্যাংক কাজ করতে না পারার শর্ত শিথিল করা যেতে পারে।

১৪। সাবসিডিয়ারি মার্চেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠান যে সকল কোম্পানির ইস্যু ম্যানেজার অথবা রেজিস্ট্রার টু দ্যা ইস্যু হিসেবে কাজ করে সেসকল ইস্যুর বিডিং প্রক্রিয়ায় হোল্ডিং কোম্পানি, সাবসিডিয়ারি ও এর অধীনস্থ মিউচ্যুয়াল ফান্ডসমূহ অংশগ্রহণ করতে না পারার শর্ত শিথিল করা যেতে পারে।

১৫। স্টার্ট আপ কোম্পানিসমূহকে পুঁজিবাজারে অন্তর্ভুক্ত করে সরাসরি নিয়ন্ত্রণের মাধ্যমে মার্কেটে সিকিউরিটিজ সরবরাহ বাড়ানো যেতে পারে।

১৬। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বৃদ্ধির লক্ষ্যে (যেমন প্রভিডেন্ট ফান্ড, লাইফ ফান্ড) তাদের বিনিয়োগ থেকে আয় করমুক্ত করা যেতে পারে।

১৭। এসএমই মার্কেটে লেনদেনের ক্ষেত্রে নূন্যতম ত্রিশ লক্ষ টাকা বিনিয়োগের শর্ত তুলে দিয়ে সাধারণ বিনিয়োগকারীদের অংশগ্রহণের সুযোগ বাড়ানো যেতে পারে। QIO এর ইস্যু ম্যানেজমেন্ট ফি সর্বোচ্চ ১% থেকে ২% নির্ধারণ করা যেতে পারে।

১৮। সরকারি কোম্পানিসমূহ এবং সাবসিডি প্রাপ্ত সরকারি প্রতিষ্ঠানসমূহ তালিকাভুক্ত করতে আইপিও’র ধারাসমূহকে (নেগেটিভ ক্যাশ ফ্লো) শিথিল করা যেতে পারে ।

১৯। স্বাস্থ্য, চিকিৎসা ও পর্যটন ক্ষেত্রের উন্নয়নে স্পেশিয়ালাইজড বন্ড, গ্রিন ফাইন্যান্সিংসহ ব্লু-ইকোনোমিক জোন ভিত্তিক বিভিন্ন প্রোডাক্ট/ সেবা চালু করা যেতে পারে।

২০। পুঁজিবাজারে বন্ডের লেনদেনের চার্জসমূহ কমিয়ে বন্ডে বিনিয়োগ উৎসাহিত করা যেতে পারে।

২১। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ছাড়াও অন্যান্য প্রতিষ্ঠান কর্তৃক বন্ড মার্কেটে বিনিয়োগকে উৎসাহিত করতে কর রেয়াতের আওতাভুক্ত করা যেতে পারে। এক্ষেত্রে বন্ড ইস্যুয়ার কোম্পানিকে বিশেষ কর রেয়াত সুবিধা দেওয়া যেতে পারে।

২২। NRB এর Custodian হিসেবে Foreign Bank সমূহ কাজ করে যাচ্ছে। Security Custodian হিসেবে মার্চেন্ট ব্যাংকসমূহকে এর অন্তর্ভূক্ত করা যেতে পারে।

২৩। মার্চেন্ট ব্যাংকসমূহের সংখ্যা প্রয়োজনীয়তা বিবেচনায় হ্রাস বা নিয়ন্ত্রণ করা যেতে পারে এবং ইস্যু ম্যানেজার হিসেবে প্রদত্ত Due Deligence এর দায়িত্বসমূহ সুনির্দিষ্ট করে কার্যপরিধি উল্লেখ করা যেতে পারে। এছাড়াও মার্চেন্ট ব্যাংক এর করহার ৩৭.৫০% থেকে কমিয়ে পুঁজিবাজারের অন্যান্য মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের ন্যায় করা হলে পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্র আরও শক্তিশালী হবে।

২৪। অ্যাসেট ম্যানেজারদের কমিশন আয় ফান্ডের আকারের উপর ভিত্তি করে নির্ধারণ না করে পারফর্মেন্সের ভিত্তিতে অর্থাৎ বার্ষিক অর্জিত প্রফিট/আয়ের এর উপর ভিত্তি করে নির্ধারণ করা যেতে পারে।

২৫। আইপিও আবেদন জমার পর বিএসইসি এর অনুমোদন ব্যতীত কোনরুপ শেয়ার হস্তান্তর করার ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করে নির্দেশনা দেয়া যেতে পারে।

২৬। আইপিও আবেদন অনুমোদনের পূর্বে BSEC, DSE ও CSE এর প্রতিনিধি কর্তৃক ইস্যুয়ার কোম্পানির প্রকল্প পরিদর্শন করা যেতে পারে এবং পরবর্তীতে আইপিও থেকে সংগৃহীত অর্থ সঠিকভাবে উল্লেখিত খাতে বিনিয়োগ করার বিষয়টিও সরেজমিন পরিদর্শন করে নিশ্চিত করা যেতে পারে।

২৭। আইপিও আবেদন জমার পূর্বে সম্পদ রিভ্যালূয়েশন এর একটি থেকে অপরটির গ্যাপ নূন্যতম ৭ বছর করার নির্দেশনা দেয়া যেতে পারে।

২৮। আইপিও আবেদন জমার সাথে সংশ্লিষ্ট অডিটর কর্তৃক Fixed Asset, Inventory, Accounts Receivable এর বিষয়ে একটি প্রতিবেদন জমা দেয়া যেতে পারে।

২৯। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস্‌, ২০১৫ অনুযায়ী কর্মচারী ও অন্যান্যদের অনুকূলে ১৫% প্লেসমেন্ট শেয়ার বরাদ্দের উল্লেখ রয়েছে, যা পরিবর্তন করে শুধুমাত্র কর্মচারীদের অনুকূলে বরাদ্দের অনুমতি দেয়া যেতে পারে।

৩০। পুঁজিবাজারের স্থিতিশীলতার জন্য বৃহদায়তন প্রাতিষ্ঠানিক মিউচ্যুয়াল ফান্ড গঠন করা যেতে পারে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।