বিশ্বব্যাপী বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকে পড়ায় বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। এতে ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ছাড়িয়েছে ৩ হাজার ৬০০ ডলারের মাইলফলক।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৮ সেপ্টেম্বর) প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৬০০ ডলার পার করে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে ১ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬৩৪ দশমিক ২৫ ডলারে, যা এদিন পৌঁছেছিল রেকর্ড ৩ হাজার ৬৪৬ দশমিক ২৯ ডলারে।
আর ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন স্বর্ণ ফিউচার শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৩ হাজার ৬৭৭ দশমিক ৪০ ডলারে।
মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরির প্রবৃদ্ধি কমে যাওয়ায় এবং বেকারত্ব বেড়ে গেছে। এতে বিনিয়োগকারীরা মনে করছেন, ফেডারেল রিজার্ভ শিগগিরই সুদের হার কমাবে। সেই প্রত্যাশার ফলেই মূল্যবান এই ধাতুর বাজারে দেখা দিয়েছে বড় উত্থান।
২০২৪ সালে ২৭ শতাংশ বেড়ে যাওয়ার পর, চলতি বছর এখন পর্যন্ত স্বর্ণের দাম ৩৭ শতাংশ বেড়েছে। ডলারের দুর্বলতা, কেন্দ্রীয় ব্যাংকের শক্তিশালী সঞ্চয়, অর্থনীতির নরম অবস্থা এবং বিশ্বজুড়ে অনিশ্চয়তার কারণে স্বর্ণের বাজার আরও শক্তিশালী হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, চীনের কেন্দ্রীয় ব্যাংক আগস্ট মাসে টানা দশম মাস ধরে স্বর্ণ কিনেছে। একই সঙ্গে, বেঞ্চমার্ক ১০ বছরের মার্কিন ট্রেজারি ইল্ড পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বিনিয়োগকারীরা ফেডের নীতি বোঝার জন্য বুধবারের (১০ সেপ্টেম্বর) মার্কিন উৎপাদক মূল্য সূচক এবং বৃহস্পতিবারের ভোক্তা মূল্য সূচকের তথ্যের দিকে তাকিয়ে আছেন।
এদিকে, স্পট সিলভার শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪১ দশমিক ২৯ ডলারে পৌঁছেছে, যা ২০১১ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ। প্লাটিনামের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৩৮১ দশমিক ৪৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ১৩২ দশমিক ৮৭ ডলারে দাঁড়িয়েছে।