বাংলাদেশ ক্রিকেট বোর্ড একের পর এক অস্বস্তি তৈরি করেছে যাচ্ছে বাংলাদেশে ক্রিকেট ভক্তদের জন্য। তারই ধারাবাহিকতায় এবার অ্যানালিস্ট মহসিন শেখকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এখনও ক্রিকেট ভক্তদের এশিয়া কাপের সেই স্মৃতি দগদগে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রায়ই জয় তুলে নেওয়া ম্যাচে ‘হিসাবের ভুলে’ হেরেছিল আফগানিস্তান। সেই ভুলের কারণে দলটির সুপার ফোরের স্বপ্নও ভেস্তে গিয়েছিল। মূলত ভুলের জন্য দায়ী ছিলেন অ্যানালিস্ট মহসিন শেখ। এবার তাকেই বাংলাদেশ দলের অ্যানালিস্ট হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশ দলের কোচিং প্যানেলে যুক্ত করা হয়েছে মহসিন শেখকে। বিশ্বকাপের পরে বাংলাদেশ দলের অ্যানালিস্টের চাকরি ছেড়েছেন শ্রীনিবাস চন্দ্রশেখরন। তার জায়গায় অভিজ্ঞ কাউকে খুঁজছিল বোর্ড। আপাতত এক সিরিজের জন্যই চুক্তিবদ্ধ হয়েছেন মহসিন।
এশিয়া কাপের গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭.১ ওভারে ২৯২ রানের লক্ষ্যে খুব কাছাকাছি ছিল আফগানিস্তান। তবে সুযোগ ছিল পরের ৩ বলে স্কোরটাকে ২৯৫ রানে নিয়ে সুপার ফোর নিশ্চিত করা। কিন্তু ক্রিজে থাকা রশিদ খান ও ফজল হক ফারুকীর কাছে এমন কোনো তথ্য দিতে পারেননি অ্যানালিস্ট।
তাই ৩৭.১ ওভারে লক্ষ্য অর্জন না হওয়ায় আশা ছেড়ে দেন রশিদরা এবং ম্যাচটিও হেরে বসেন। পরে জানতে পারেন আরও ৩ বল খেলে লক্ষ্য পূরণ করা যেত। কিন্তু ততক্ষণে আর কিছু করার ছিল না। এমনকি সেসময়ে টেলিভিশনের ধারাবর্ণনাতেও হিসাবটা বুঝিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু অ্যানালিস্ট সেটি নজরে নেননি। তাতে আসর থেকে বিদায় নেয় আফগানিস্তান।
কিন্তু আফগানিস্তানের সেই আলোচিত মহসিন শেখেই আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের পর অ্যালান ডোনাল্ড, রঙ্গনা হেরাথ ও শ্রীধরন শ্রীরামসহ অধিকাংশ কোচ বিদায় নিয়েছেন। তবে সেসব পদে নতুন করে নিয়োগ দেয়া হয়নি কাউকে। এই প্রথম নতুন পারফরম্যান্স অ্যানালিস্ট নিয়োগ দিয়েছে বিসিবি। তবে সেখানেও থেকে গেছে বিতর্কের সুযোগ। আফগানিস্তানকে ডোবানো মহসিন শেখ কাজ শুরু করতেই পড়েছেন সমালোচকদের তোপের মুখে।
২০১৮ সাল থেকে বাংলাদেশ দলের অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন শ্রীনিবাস চন্দ্রশেখরন। পুরো সময়ে টাইগার শিবিরের অবিচ্ছেদ্য অংশ ছিলেন এই ভারতীয়। তবে ভারত বিশ্বকাপেই শেষ হয়েছে তার অধ্যায়। ২৫ টেস্ট, ৮৩টি ওয়ানডে এবং ৭৫ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে সার্ভিস দেয়া শ্রীনিবাস চাকরি ছেড়েছেন বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচ শেষেই।
এরপর পারফরম্যান্স অ্যানালিস্ট ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে হোমে টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। তবে কিউইদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে থাকছেন নতুন অ্যানালিস্ট। ইতোমধ্যে নিউজিল্যান্ডে দলের সঙ্গে অবস্থান করছেন মহসিন শেখ। আপাতত শুধু এই সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য থাকবেন দায়িত্বে। দীর্ঘমেয়াদী চুক্তি নির্ভর করছে তার পারফরম্যান্সের ওপর। তবে তার আগে প্রশ্ন, আফগানিস্তানের সেই বিতর্কিত অ্যানালিস্ট কেন বাংলাদেশে নিয়োগ? এই প্রশ্নের উত্তরই খুঁজছেন ক্রিকেট ভক্তরা।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।