টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবার দেশে সিম কার্ডের পরিবর্তে ওয়াইফাই ব্যবহার করে মোবাইল নম্বরে সরাসরি ভয়েস কল করার সুবিধা চালু করতে যাচ্ছে। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দাতাদের নেটওয়ার্ক ব্যবহার করে চালু হবে ভয়েস ওভার ওয়াইফাই সেবা।
অপারেটররা বলছে, এই সেবা চালু হলে সিমে নেটওয়ার্ক না থাকলেও সংশ্লিষ্ট হ্যান্ডসেটে ওয়াইফাই সংযোগ দিয়ে অন্য মোবাইল নম্বরে কল করা যাবে। এই প্রযুক্তিতে কথা বলতে গ্রাহকের ব্যান্ডউইথ খরচ হবে, সরাসরি অর্থ ব্যয় হবে না। কমবে কলড্রপ হার।
শহরের ঘনবসতিপূর্ণ এলাকায় উঁচু ভবন কিংবা রুমের ভেতরে থেকে মোবাইলে ভয়েস কল করতে গিয়ে হরহামেশাই নেটওয়ার্ক থাকে না। অথবা কল করা গেলেও হয় কলড্রপ। শোনা যায় না কথাও।
এমন প্রেক্ষাপটে গ্রাহকদের জন্য ভয়েস ওভার ওয়াইফাই বা ভিও-ওয়াইফাই প্রযুক্তি চালু করতে চায় মোবাইল অপারেটররা। এর মাধ্যমে মূলত প্রথাগত নেটওয়ার্কের পরিবর্তে ওয়াইফাই ব্যবহার করে আইপি নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস কল করা যাবে।
ইতোমধ্যে পুরান ঢাকাসহ রাজধানীর বেশ কয়েকটি এলাকায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) নেটওয়ার্কের মাধ্যমে ভিও-ওয়াইফাই সেবার কার্যকারিতা পরীক্ষা করেছে মোবাইল অপারেটররা। এই প্রযুক্তির মাধ্যমে কল করলে ভয়েস কোয়ালিটি স্পষ্ট ও উচ্চমানের হয়।
স্থিতিশীল ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করায় কমবে কলড্রপ। হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জারের মতো এই প্রযুক্তিতে কথা বলতে গ্রাহকের শুধু ওয়াইফাই ডাটা খরচ হবে। কলের জন্য আলাদা কোনো চার্জ কাটা হবে না।
দুর্বল নেটওয়ার্ক নিয়ে গ্রাহক ভোগান্তি বিবেচনায় দ্রুত ভয়েস ওভার ওয়াইফাই সেবা চালু করা হবে বলে জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি বলেন, দুর্বল নেটওয়ার্কের কারণে গ্রাহকদের নানা সময় ভোগান্তিতে পড়তে হয়। সমস্যা সমাধানে দ্রুত ভয়েস ওভার ওয়াইফাই সেবা চালু করা হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।