ইতালির দক্ষিণ উপকূলের সমুদ্রে মাছ ধরার একটি নৌযানে থাকা চার শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে এখনো উদ্ধার করা যায়নি। দুই দিনের বেশি সময় আগে এই অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাঁদের দ্রুত উদ্ধারের জন্য আহ্বান জানিয়েছিলেন অধিকারকর্মীরা। নৌযানটি লিবিয়ার টোব্রুক উপকূল থেকে রওনা দিয়েছিল বলে মনে করা হচ্ছে। সর্বশেষ গতকাল মঙ্গলবার ইতালির কোস্ট গার্ড নৌযানটিকে পাহারা দিচ্ছিল।
দুর্দশাগ্রস্ত অভিবাসনপ্রত্যাশীদের সহায়তাকারী সংস্থা অ্যালার্ম ফোন বলেছে, নৌযানটির পরিস্থিতি ‘নাটকীয়’।
ইতালির কোস্ট গার্ড বলেছে, সমুদ্রের প্রতিকূল পরিস্থিতি উদ্ধার কাজে প্রভাব ফেলছে।
ইতালির কোস্ট গার্ড এখন অভিবাসনপ্রত্যাশী বহনকারী দুটি নৌযানকে পাহারা দিচ্ছে, যার একটিতে ৪০০ জন, অপরটিতে প্রায় ৮০০ জন অভিবাসনপ্রত্যাশী রয়েছেন।
যে নৌযানটিতে ৪০০ জন অভিবাসনপ্রত্যাশী রয়েছেন, গতকাল সেটি সবশেষ ইতালির সিসিলি উপকূলের আইওনিয়ান সাগরে অবস্থান করেছিল বলে জানায় অ্যালার্ম ফোন।
অ্যালার্ম ফোনের ভাষ্য, নৌযানটির পরিস্থিতি নাটকীয়। নৌযানে থাকা ব্যক্তিদের জরুরি চিকিৎসা দরকার। নৌযানটিতে পানি উঠছে। কোনো জ্বালানি নৌযানটিতে অবশিষ্ট নেই।
অ্যালার্ম ফোন গত রোববার প্রথম এ নৌযানের ব্যাপারে সতর্ক করেছিল। তখন তারা বলেছিল, নৌযানটি মাল্টার সমুদ্রসীমায় ভাসছে। তারা বিষয়টি মাল্টা, গ্রিস ও ইতালির কর্তৃপক্ষকে অবহিত করেছিল।
একই সময় জার্মানভিত্তিক সংস্থা সি-ওয়াচ ইন্টারন্যাশনাল জানিয়েছিল, নৌযানটির কাছাকাছি পণ্যবাহী দুটি জাহাজ তারা শনাক্ত করেছে। মাল্টার কর্তৃপক্ষ এই পণ্যবাহী জাহাজ দুটিকে উদ্ধারকাজ না করার জন্য নির্দেশ দিয়েছে।
তবে তারা নৌযানটিতে জ্বালানি সরবরাহ করতে একটি জাহাজকে নির্দেশনা দিয়েছে। নৌযানটির আরোহীরা মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন। এ ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিল সি-ওয়াচ।
সুত্রঃ বিবিসি