শেয়ারবাজার থেকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রায় ১৫৫ কোটি টাকার শেয়ার কিনবেন কোম্পানিটির চেয়ারম্যান আজিজ মোহাম্মদ ভাই।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দেশের দুই স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার কেনার এই সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটেও এই তথ্য প্রকাশ করা হয়।
ডিএসইর ওয়েবসাইটে দেওয়া ঘোষণা অনুযায়ী, আজিজ মোহাম্মদ ভাই বাজার থেকে তাঁর মালিকানাধীন এই কোম্পানিটির ১ কোটি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। নিয়ম অনুযায়ী, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তিনি এই শেয়ার কেনা সম্পন্ন করবেন। ডিএসইর ব্লক মার্কেটের মাধ্যমে তিনি এই শেয়ার কেনার কাজ সম্পন্ন করবেন বলেও ঘোষণায় বলা হয়।
আজিজ মোহাম্মদ ভাই আশি ও নব্বইয়ের দশকে বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন আলোচিত ব্যক্তি ছিলেন। তিনি চলচ্চিত্র প্রযোজনা ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলায় অভিযুক্ত আসামিদের মধ্যে অন্যতম তিনি। চিত্রনায়ক শালমান শাহ হত্যা কাণ্ডেও তার নাম জড়িয়ে আছে। ২০২৪ সালে সোহেল চৌধুরী হত্যা মামলার রায়ে আদালত আজিজ মোহাম্মদ ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বর্তমানে তিনি পলাতক, দেশের বাইরে অবস্থান করছেন।