সামাজিক যোগাযোগমাধ্যমে ইউক্রেন যুদ্ধের সমালোচনা করায় রাশিয়ার এক লেখককে আট বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। রায় ঘোষণার সময় অন্যতম জনপ্রিয় বৈজ্ঞানিক কল্পকাহিনির এই লেখক আদালতে উপস্থিত ছিলেন না।
কারাদণ্ড দেওয়া এই রুশ লেখকের নাম দিমিত্রি গ্লুখোভস্কি (৪৪)। ‘মেট্রো-২০২৩’ তাঁর সবচেয়ে পাঠকপ্রিয় বৈজ্ঞানিক কল্পকাহিনি। তিনি বিদেশে থাকেন।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তাস এক প্রতিবেদনে গ্লুখোভস্কিকে এরই মধ্যে ‘বিদেশি চর’ হিসেবে অভিহিত করেছে। সংবাদমাধ্যমটির ভাষ্য, রুশ সেনাবাহিনী সম্পর্কে ‘ভুয়া তথ্য’ ছড়ানোয় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।
গ্লুখোভস্কি বরাবরই প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে সরব। এর আগে ৫ই আগস্ট রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘প্রধান প্রতিপক্ষ’ হিসেবে পরিচিত কারাবন্দী বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে আরও ১৯ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। উগ্রপন্থায় উসকানি ও অর্থায়ন এবং একটি উগ্রপন্থী সংগঠন প্রতিষ্ঠার দায়ে তাঁকে নতুন করে এ সাজা দেওয়া হয়।
রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় আড়াই’শ কিলোমিটার দূরে মেলেখোভো এলাকার একটি কারাগারে আছেন নাভালনি। সেখানেই একটি অস্থায়ী আদালত বসিয়ে ওই রায় ঘোষণা করা হয়। তবে নাভালনি তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করছেন।
সূত্রঃ এএফপি
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।