বহুল আলোচিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন ৫ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়া হয়েছে। তাদের মধ্যে একজনকে ব্যাংকটির চেয়ারম্যান করা হয়েছে। নতুন চেয়ারম্যান হয়েছেন রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
আজ বৃহস্পতিবার(২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করেন।
ওবায়েদ উল্লাহ আল মাসুদ ছাড়া নতুন পর্ষদের অন্য ৪ স্বতন্ত্র পরিচালকেরা হলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক খুরশীদ ওহাব, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আব্দুল জলিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের অধ্যাপক এম মাসুদ রহমান এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আব্দুস সালাম।
ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠন ও পর্ষদে পরিচালক নিযুক্তি প্রসঙ্গে বলা হয়, ‘ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর ধারা ৪৭ এর উপ-ধারা (১) এবং ধারা ৪৮ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর পরিচালনা পর্ষদ ২২ আগস্ট ২০২৪ তারিখের আদেশ নং: বিআরপিডি (বিএমএমএ) ৬৫১/৯ (৬) ডিএ/২০২৪-৭৩৩৪ এর মাধ্যমে অবিলম্বে কার্যকর করে বাতিল করা হয়েছে। ২. আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিতকল্পে ও জনস্বার্থে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ নতুনভাবে গঠনের নিমিত্তে নিম্নবর্ণিত ব্যক্তিদেরকে স্বতন্ত্র পরিচালক নিয়োগ প্রদান করা হলো।’
এর আগে গতকাল বুধবার সংবাদ সম্মেলন করে ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ ভেঙে দেয়ার ঘোষণা দেন গভর্নর।
বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার এক চিঠিতে ইসলামী ব্যাংককে এই সিদ্ধান্ত জানিয়েছে। একই চিঠিতে আগের পরিচালনা পর্ষদ বাতিল করে দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের দেওয়া চিঠিতে ইসলামী ব্যাংকের আগের পরিচালনা পর্ষদ বাতিল করার সিদ্ধান্ত জানানো হয়। ওই পর্ষদের চেয়ারম্যান ছিলেন আহসানুল আলম। তিনি চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের ছেলে।