কর্মদিবসে ঢাকার ভেতর সভা-সমাবেশ নিষিদ্ধ চেয়ে স্বরাষ্ট্রসচিব, আইজিপি, বিএনপি মহাসচিব ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট নয় জনকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক আইনজীবী।
আজ রোববার (৬ই আগস্ট) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক নুরে আলম উজ্জল এই লিগ্যাল নোটিশ পাঠান।
নোটিশে তিনি বলেন, আমাদের রাজনৈতিক দলগুলো জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে মুখোমুখি অনড় অবস্থানে রয়েছে। কর্মসূচি পালনের ক্ষেত্রেও তারা পারস্পরিক প্রতিযোগিতায় লিপ্ত। এক্ষেত্রে অন্যান্য বিরোধীদলের চেয়ে বিএনপি-জামায়াত (বিলুপ্ত) সন্ত্রাসী কর্মকাণ্ডে এক ধাপ এগিয়ে আছে।
এতে আরও বলা হয়, গত ১৯শে জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ থেকে বিএনপি ২৭শে জুলাই ঢাকায় মহাসমাবেশের ডাক দেয়। পরে একদিন পিছিয়ে ২৮শে জুলাই দলটি নয়াপল্টনে মহাসমাবেশ করে। একই দিন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করে আওয়ামী লীগ।
একই দিনে দুই বৃহৎ রাজনৈতিক দলের কর্মসূচি ঘিরে রাজধানীজুড়ে অচলাবস্থার সৃষ্টি হয়। ঢাকা শহরে একটি বড় রাজনৈতিক দল সমাবেশ ডাকলেই যেখানে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয় এবং এতে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হয়, সেখানে একই দিনে, কাছাকাছি স্থানে এবং প্রায় একই সময়ে দুটি বৃহৎ রাজনৈতিক দলের কর্মসূচি মিলে কী ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, তা নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন নেই।
নূরে আলম নোটিশে আরও বলেন, যানজটের এ নগরীতে প্রতিনিয়ত রাজনৈতিক দলের সভা-সমাবেশে নগরবাসী সীমাহীন ভোগান্তিতে পড়ছে। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
এ অবস্থায় নোটিশে রাজনৈতিক সব দলকে সরকারি সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার অথবা অন্যান্য সময় সরকারি ছুটির দিনে সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি পালনের অনুরোধ করা হয়। অন্যথায় বিষয়টি উচ্চ আদালতের নজরে আনা হবে বলে উল্লেখ করা হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।