দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। নতুন পর্ষদে চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন মমিনুল ইসলাম। তিনি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন।
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি বিএসইসির পক্ষ থেকে ডিএসইর পর্ষদ পুনর্গঠন করা হয়। বিএসইসি ৭ জন ব্যক্তিকে ডিএসই’র স্বতন্ত্র পরিচালক হিসেবে অনুমোদন দেন। তারা হলেন- আর্মি ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের মহাপরিচালক মো. কামরুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব নাহিদ হোসেন, সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মফিজুল ইসলাম রাশেদ, মেটলাইফ বাংলাদেশের সাবেক মহাব্যবস্থাপক সৈয়দ হাম্মাদুল করীম, বাংলাদেশ ডেটা সেন্টার , ডিজাস্টার রিকভারি সাইটের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসহাক মিয়া, লিংক অ্যাডভাইজরি-এর প্রতিষ্ঠাতা ,আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম এবং ফিনস এলাএন্সের সিইও মিসেস শাহনাজ সুলতানা।
২০১৩ সালের নভেম্বরে ডিএসই ও সিএসই ডিমিউচুয়ালাইজড এক্সচেঞ্জ হিসেবে যাত্রা শুরু করে। এর পর থেকে স্টক এক্সচেঞ্জ পরিচালিত হয়ে আসছে স্বতন্ত্র পরিচালকদের নেতৃত্বে। ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী, স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ ১৩ সদস্যের। এর মধ্যে স্বতন্ত্র পরিচালক মোট সাতজন। এর বাইরে সদস্যদের ভোটে নির্বাচিত হন চারজন শেয়ারধারী পরিচালক, কৌশলগত বিনিয়োগকারীদের প্রতিনিধি হিসেবে রয়েছেন একজন পরিচালক। আর সংস্থাটির এমডি পদাধিকারবলে পর্ষদের সদস্য।