করোনার সময় ক্ষতিগ্রস্ত রফতানিমুখী শিল্পের প্রি-শিপমেন্ট ঋণের জন্য গঠিত পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের সুদহার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এখন থেকে এ তহবিলের আওতায় গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদ হবে ৫ শতাংশ, যা আগে ছিল সাড়ে তিন শতাংশ। এতদিন এই তহবিল থেকে ব্যাংকগুলো দশমিক ৫ শতাংশ সুদে অর্থ নিতে পারতো, এখন ব্যাংক পর্যায়ে সুদহার বাড়িয়ে ২ শতাংশ করা হয়েছে।
গতকাল রবিবার (১৩ই আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।
এদিকে রফতানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল (ইএফপিএফ) ঋণের সুদহারও বাড়ানো হয়েছে। গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদ ৫ শতাংশ করা হয়েছে, যা আগে ছিল ৪ শতাংশ। এছাড়া এ তহবিল থেকে ব্যাংকগুলো অর্থ নিতে হলে কেন্দ্রীয় ব্যাংককে দিতে হবে ২ শতাংশ সুদ, এতদিন যা ছিল দেড় শতাংশ।
উল্লেখ্য, করোনাভাইরাসের প্রভাব শুরু হলে ২০২০ সালে ১৩ই এপ্রিল কেন্দ্রীয় ব্যাংক প্রি-শিপমেন্ট খাতে অর্থায়নের জন্য পাঁচ হাজার কোটি টাকার এ পুনঃঅর্থায়ন তহবিল গঠন করে। রফতানি পণ্য জাহাজিকরণের আগের খরচ মেটাতে গ্রাহকরা এ ধরনের ঋণ নিতে পারেন। সাধারণভাবে ব্যাংকগুলো রফতানি ঋণে ৭ থেকে ৮ শতাংশ সুদ নিয়ে থাকে।
অপরদিকে বৈশ্বিক সংকটে রফতানি খাতকে চাঙা রাখতে চলতি বছরের জানুয়ারিতে ১০ হাজার কোটি টাকার রফতানি সহায়ক তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক। মূলত রিজার্ভের অর্থ দিয়ে গঠিত রফতানি উন্নয়ন তহবিলের (ইডিএফ) ওপর চাপ কমাতে কম সুদের এই রফতানি সহায়ক তহবি গঠন করা হয়।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।