দেশের বাজারে সোনার দাম আরও কিছুটা কমানো হয়েছে। বিশ্ববাজারে সোনার দাম কমায় দেশেও ভরিপ্রতি সর্বোচ্চ ১ হাজার ৫০ দাম কমেছে। এতে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা।
সারা দেশে আজ সোমবার (৩০ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি গতকাল রবিবার (২৯ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমার বিষয়টি জানায়।
এতে বলা হয়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম কমেছে। তাই সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে। এর আগে ২৪ ডিসেম্বর সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২৪৮ টাকা দাম কমেছিল।
নতুন দর অনুযায়ী, আজ সোমবার থেকে হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকায় বিক্রি হবে। এ ছাড়া প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ১ লাখ ৩২ হাজার ১ টাকা এবং ১৮ ক্যারেট ১ লাখ ১৩ হাজার ১৪১ টাকায় বিক্রি হবে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম পড়বে ৯২ হাজার ৮৬৯ টাকা।
সে হিসাবে আজ থেকে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ১ হাজার ৫০ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটে ৮৬৩ টাকা ও সনাতন পদ্ধতির সোনায় ৭৩৫ টাকা দাম কমবে।
সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।