চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) ও বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মধ্যে গোল্ড কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি আলোচনা সভা সম্প্রতি রাজধানীর বসুন্ধরার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বাজুসের পক্ষে উপস্থিত ছিলেন সহসভাপতি মোঃ রিপনুল হাসান, সহসভাপতি মাসুদুর রহমান, সহসম্পাদক উত্তম ঘোষ ও কার্যনির্বাহী সদস্য জয়দেব সাহা। সভায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান ও ডেপুটি ম্যানেজার ফয়সাল হুদা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির (সিএসই) কমোডিটি–বিষয়ক কনসালট্যান্ট পার্টনার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (এমসিএক্স), ইন্ডিয়ার হেড অব রিসার্চ দেবজ্যোতি দে এবং চিফবিজনেস অফিসার রিশি মাথানি ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে সভায় যুক্ত ছিলেন। এছাড়া বাজুস ও সিএসইর অন্য কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশে অন্যান্য উন্নত দেশের মতো একটি ভাইব্রেন্ট কমোডিটি মার্কেট প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ট্র্যাটেজি, যেমন সাস্টেইনেবল প্রাইস ডিসকভারি, প্রোডাক্ট অ্যাডভাইজরি কমিটি ফরমেশন ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
বাজুসের প্রতিনিধিরা সিএসইর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার ব্যাপারে তাদের সম্মতি দেন। একটি সমৃদ্ধ কমোডিটি মার্কেট প্রতিষ্ঠার জন্য সিএসই এবং বাজুসের সমন্বিত উদ্যোগ বাজুস মেম্বারসহ স্বর্ণের বাজার সংশ্লিষ্ট সবাইকে উপকৃত করবে বলে উপস্থিত সবাই মত দেন। পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।