দেশে ২০২৩-২৪ চলতি অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা হতে যাচ্ছে আজ রবিবার বিকেল ৩টায়। বাংলাদেশ ব্যাংকের সভা কক্ষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার মুদ্রানীতি ঘোষণা করবেন।
২০২৩-২৪ চলতি অর্থবছরের মুদ্রানীতিতে অন্যবারের চেয়ে কিছুটা ব্যতিক্রম ঘোষণা আসতে পারে, নীতি সুদহার বাড়ানো, ৯ শতাংশ সুদহারের সীমা তুলে দিয়ে নতুন ব্যবস্থা চালু, অভিন্ন ধরে ডলার বিক্রিসহ কিছু ঘোষণা থাকার আভাস পাওয়া গেছে।
বর্তমান গভর্নর যোগদানের পর এটি হবে দ্বিতীয় মুদ্রানীতি। আগের গভর্নর ফজলে কবির ২০১৬ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে বছরে একবার মুদ্রানীতি ঘোষণা শুরু হয়। তবে আইএমএফের ৪৭০ কোটি ডলার ঋণের শর্তের কারণে এখন আবার দু’বার হচ্ছে। আজকের অনুষ্ঠানে চার ডেপুটি গভর্নর, বিএফআইইউর প্রধান, প্রধান অর্থনীতিবিদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
জানা গেছে যে, মুদ্রানীতির কাঠামোতে পরিবর্তন এনে এবার ‘সুদহার টার্গেটিং’ মুদ্রানীতি ঘোষণা করা হবে। বিশ্বব্যাপী বর্তমানে চার ধরনের লক্ষ্যমাত্রা ভিত্তিক মুদ্রানীতি প্রচলতি আছে। সুদহার, মূল্যস্ফীতি, মুদ্রা সরবরাহ এবং বিনিময় হার টার্গেটিং। বাংলাদেশ ব্যাংক এতদিন ‘মূল্যস্ফীতি টার্গেটিং’ মুদ্রানীতি প্রণয়ন করে আসছিল। তবে আইএমএফের পরামর্শে এবার ‘সুদহার টার্গেটিং’ মুদ্রানীতি দেওয়া হবে।
সংশ্লিষ্টরা জানান, মুদ্রানীতি বা মুদ্রা ব্যবস্থাপনার অন্যতম লক্ষ্য থাকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি অর্জন। আগামী অর্থবছরের বাজেটে সরকার মূল্যস্ফীতি ৬ শতাংশ এবং সাড়ে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এবার প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনের চেয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জোর দেবে। আর এ জন্য ৯ শতাংশ সুদহারের সীমা তুলে দিয়ে নতুন ব্যবস্থা চালু হতে যাচ্ছে। নতুন ব্যবস্থায় গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদহার ১০ শতাংশের আশপাশে থাকবে। যদিও এটিকে বাজারভিত্তিক ব্যবস্থা বলা হবে।
একবারে মুদ্রানীতিতে শেয়ার বাজারের কোন ভালো মন্দ বিষয় আসে কিনা তা নিয়ে বিনিয়োগকারীরা অধির আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। তবে পূর্বের বছর গুলোতে শেয়ার বাজারের কোন নেতিবাচক ইস্যু ছিলনা। এই বছর ও তেমন কোন নেতিবাচক ইস্যু থাকবেনা বলে বিশেষজ্ঞগন অভিমত দিয়েছেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।