বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত। আগামী ৩১শে মার্চ পর্যন্ত এই পেঁয়াজ বাংলাদেশে পাঠাতে পারবে। অবিলম্বে রপ্তানি কার্যক্রম শুরু হবে। বাংলাদেশসহ মরিশাস, বাহরাইন এবং ভুটানে পেয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত সরকার।
গত বৃহস্পতিবার (২২শে ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির ভোক্তা বিষয়ক সচিব রোহিত কুমার সিং। তিনি জানিয়েছেন, আমরা স্থানীয় ভোক্তাদের চাহিদার কথা মাথায় রেখে বাংলাদেশে ৫০ হাজার টন পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছি। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
ভারতের ওই সচিবের বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, বাংলাদেশের পাশাপাশি মরিশাসের জন্য ১ হাজার ২০০ টন, বাহরাইনের জন্য ৩ হাজার টন এবং ভুটানের জন্য ৫৬০ টন পেঁয়াজ রফতানি করবে ভারত। আগামী ৩১শে মার্চের মধ্যে পেঁয়াজের চালান এসব দেশে পৌঁছানোর কথা জানিয়েছেন রোহিত কুমার সিং।
দিল্লির ওই কর্মকর্তা বলেছেন, বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ এবং অন্য তিন দেশে পেঁয়াজ রফতানির অনুমতি দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে ৩১শে মার্চ পর্যন্ত ভারতে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা রয়েছে,গত বছরের ডিসেম্বরে অভ্যন্তরীণ সরবরাহ বাড়াতে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করে ভারত।