অবৈধভাবে বসবাসের অভিযোগে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ২৫২ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
ফ্রি মালয়েশিয়া টুডের খবরে বলা হয়েছে, শুক্রবার গভীর রাতে দেশটির রাজধানী কুয়ালালামপুরের দক্ষিণ-পূর্বাঞ্চলের চেরাস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় বাংলাদেশিসহ মোট ৪২৫ জন বিদেশিকে আটক করা হয়েছে।
কুয়ালালামপুর অভিবাসন বিভাগের পরিচালক শামসুল বদরিন মহশিন বলেছেন, দুই সপ্তাহ ধরে অনুসন্ধান চালিয়ে এবং অভিযুক্তদের গতিবিধি পর্যবেক্ষণের পর চেরাস এলাকায় এ অভিযান চালানো হয়। তাদের বয়স আট থেকে ৫৪ বছরের মধ্যে বলে জানান তিনি।
তিনি আরও জানান, আটক বিদেশি নাগরিকদের মধ্যে ২৫২ জন বাংলাদেশি। এছাড়াও মিয়ানমারের ১০৮, ইন্দোনেশিয়ার ৩০, নেপালের ২০, পাকিস্তানের ৭, কম্বোডিয়ার ৪ ও ফিলিপাইনের ২ জন রয়েছেন।
শামসুল জানান, আটককৃতরা কুয়ালালামপুরের নির্মাণ খাতের প্রতিষ্ঠানে এবং বিভিন্ন কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন।
অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে অনেকেই অভিবাসন কর্মকর্তাদের লক্ষ্য করে বোতলসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র ছুড়ে আগ্রাসী আচরণ করে বলেও অভিযোগ উঠেছে।
এদিকে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য আটককৃতদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে অভিবাসন আইনে দায়ের করা মামলার তদন্ত শুরু হয়েছে বলে জানান ইমিগ্রেশন বিভাগের পরিচালক।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।