ধস নেমেছে দেশের বাজারে মোটরসাইকেল বিক্রিতে। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে মোটরসাইকেল বিক্রি কমেছে প্রায় দুই লাখ। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় দুই চাকার এই বাহনের বিক্রি কেন কমল তা নিয়ে আসছে নানা মত। এর মধ্যে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়া, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিক বৃদ্ধি, বাড়িভাড়া বেড়ে যাওয়াকে দায়ী করা হচ্ছে। অন্যদিকে বড় পরিসরে বলা হচ্ছে, ডলার সংকট ও ডলারের দাম বৃদ্ধিতে মোটরসাইকেলের দাম ২০ থেকে ৩০ হাজার টাকা বেড়ে যাওয়াই অন্যতম কারণ।
তবে মোটরসাইকেল বিক্রেতাদের কাছ থেকে পাওয়া গেছে আরও একটি বিশেষ কারণ, আর তা হলো বাংলাদেশের বাজারে বিশ্ববিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিন্ডের আগমন হতে যাচ্ছে।
তারা বলছেন, চলতি বছরের জুলাই থেকে বাংলাদেশের বাজারে আসছে বিশ্বখ্যাত ব্র্যান্ড রয়েল এনফিন্ড। যারা মোটরসাইকেল কেনার কথা ভাবছেন তাদের অনেকেই এই ব্র্যান্ডটির অপেক্ষায় আছেন, এ কারণে বিক্রি কমেছে। এই ব্র্যান্ডটি বাজারে আসলে বিক্রি বাড়তে পারে।
আরও পড়ুন…
দেশের বাজারে জুলাইয়ে আসছে রয়্যাল এনফিল্ড ৩৫০ সিসির বাইক
বিক্রেতারা বলছেন, বাংলাদেশে এই মোটরসাইকেল বাজারজাত করবে ইফাদ অটোস। তারা জানিয়েছেন মডেল ভেদে ব্র্যান্ডটির এক একটি মোটরসাইকেলের দাম হবে ৫ থেকে ৬ লাখ টাকার মধ্যে। ফলে যারা এতোদিন দামি বাইক বলতে ৩ থেকে ৫ লাখ টাকার মধ্যে অন্য মডেলের বাইক কিনতেন তারা আরেকটু অপেক্ষা করছেন, সাড়ে ৩০০ সিসির এই বাইকটি বাজারে আসার।
তবে বিক্রেতারা বলছেন, সম্প্রতি বাংলাদেশের বাজারে ২৫০ সিটির বাইক এসেছে। গত বছরের শেষ এই মডেল বাজারকে খানিকটা চাঙা করে তুলেছিল।
বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রি ও নিবন্ধন হওয়া যানবাহন মোটরসাইকেল। এক বছরে যত গাড়ি বিক্রি হয়, তার প্রায় ৮০ ভাগই দুই চাকার এ বাহনের দখলে। স্বভাবতই সংখ্যার হিসাবে ২০২৩ সালে সবচেয়ে বেশি বিক্রি ও নিবন্ধন কমেছে মোটরসাইকেলের।
২০২২ সালে যেখানে সারা দেশে প্রায় ৫ লাখ ৭ হাজার মোটরসাইকেল নিবন্ধন দিয়েছিল বিআরটিএ, সেখানে গত বছর ৩ লাখ ১০ হাজারের কিছু বেশি মোটরসাইকেল নিবন্ধন দিতে পেরেছে সংস্থাটি। অর্থাৎ মোটরসাইকেল নিবন্ধন বা বিক্রি কম হয়েছে ১ লাখ ৯৭ হাজারটি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।