বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংক খাতে লাগামছাড়া খেলাপি ঋণের চাপ কমাতে সময় বেঁধে দিলেন।
আগামী মার্চের মধ্যেই সার্বিক খেলাপি ঋণের হার ২৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছেন গভর্নর । এ লক্ষ্য অর্জনে নতুন ঋণ বিতরণের চেয়ে আদায়, পুনঃতফসিল, পুনর্গঠন ও অবলোপন কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের।
গতকাল রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকে বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় গভর্নর এসব নির্দেশনা দেন।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ৬ লাখ ৪৪ হাজার কোটি টাকা। এ সময় মোট বিতরণকৃত ঋণের স্থিতি ছিল ১৮ লাখ ৩ হাজার ৮৪০ কোটি টাকা। ফলে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়ায় ৩৫ দশমিক ৭৩ শতাংশ, যা কার্যত প্রায় ৩৬ শতাংশের কাছাকাছি।
খেলাপি ঋণের লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে বিশেষ সুবিধায় ঋণ পুনঃতফসিলের সুযোগ দিয়েছে। সভায় গভর্নর ব্যবসায়িক লোকসান ও নানা কারণে ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতাদের ক্ষেত্রে নীতিমালার আওতায় যতটা সম্ভব উদারভাবে পুনঃতফসিলের সুযোগ দেওয়ার জন্য ব্যাংকারদের তাগাদা দেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, “ব্যাংকার্স সভায় গভর্নর ঋণ আদায়ের ওপর জোর দিয়েছেন। খেলাপি ঋণের হার কমাতে এর কোনো বিকল্প নেই। নিয়ম মেনে যে বিশেষ পুনঃতফসিল সুবিধা দেওয়া হয়েছে, তা বারবার দেওয়া হবে না—এ বিষয়টিও তিনি পরিষ্কার করে দিয়েছেন।”
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, পুনঃতফসিল সুবিধার প্রভাবে গত ডিসেম্বর শেষে খেলাপি ঋণের হার কমে প্রায় ৩০ দশমিক ৫৬ শতাংশে নেমে আসে। এর মধ্যে মার্জ হওয়া পাঁচটি ব্যাংকের খেলাপি ঋণ বাদ দিলে প্রকৃত খেলাপির হার প্রায় ২৫ শতাংশে দাঁড়ায়।
সভায় গভর্নর স্মরণ করিয়ে দেন, আগামী মার্চ পর্যন্ত নতুন বিনিয়োগ খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই। এ বাস্তবতায় নতুন ঋণ বিতরণের চেয়ে বিদ্যমান খেলাপি ঋণ আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।