শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের(বিএসইসি) চেয়ারম্যান হিসেবে সরকার অধ্যাপক শিবলী রুবাইয়াত –উল –ইসলামকে পুনঃনিয়োগ দেয়ার পরিকল্পনা করা হয়েছে।
গত ৩১শে মার্চ শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে আরও এক মেয়াদে পুনর্নিয়োগ দেওয়ার লক্ষ্যে অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয়। এরপর ৪ঠা এপ্রিল প্রধানমন্ত্রী তাতে স্বাক্ষর করেন।
সারসংক্ষেপে বলা হয়, ২০২০ সালের ১৭ই মে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে চার বছরের জন্য চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছিল। অর্থাৎ আগামী ১৬ই মে তাঁর মেয়াদ শেষ হবে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩–এর ধারা-৫ (১) অনুসারে, বিএসইসিতে একজন চেয়ারম্যান ও চারজন কমিশনার থাকেন। বর্তমানে কমিশনে একজন চেয়ারম্যান এবং চারজন কমিশনার আছেন। বিএসইসির চেয়ারম্যান পুনর্নিয়োগের বিষয়ে আইনে বলা হয়েছে, চেয়ারম্যান ও কমিশনাররা তাঁদের নিয়োগের তারিখ থেকে চার বছর মেয়াদের জন্য নিজ নিজ পদে বহাল থাকবেন এবং অনুরূপ একটি মাত্র মেয়াদের জন্য পুনর্নিয়োগের যোগ্য হবেন। তবে শর্ত হলো, কোনো ব্যক্তির বয়স ৬৫ পূর্ণ হলে তিনি চেয়ারম্যান বা কমিশনার পদে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না বা চেয়ারম্যান বা কমিশনার পদে বহাল থাকবেন না।
সারসংক্ষেপে বলা হয়েছে, অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের বয়স আগামী ১৬ই মে ৫৬ বছর ৪ মাস ১৫ দিন হবে। অর্থাৎ তাঁর বয়স ৬৫ বছর পূর্ণ হতে ৪ বছরের বেশি সময় বাকি আছে। সে অনুযায়ী তিনি আরও একটি মেয়াদে চার বছরের জন্য পুনর্নিয়োগের যোগ্য। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ অনুযায়ী আগামী ১৭ই মে ২০২৪ তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য আরও একটি মেয়াদে বিএসইসি চেয়ারম্যান হিসেবে তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যেতে পারে।

যেহেতু পুনঃনিয়োগ সংক্রান্ত ফাইলে মাননীয় প্রাধানমন্ত্রী শেখ হাসিনা সই করেছেন, তাই বিএসইসি’র চেয়ারম্যান হিসেবে আরেক মেয়াদে অধ্যাপক শিবলী রুবাইয়াত–উল –ইসলামকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে শিগগিরই।
উল্লেখ্য, সরকার গত ১৭ই মে ২০২০ তারিখে অধ্যাপক শিবলী রুবাইয়াত–উল–ইসলামকে ৪ বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান নিয়োগ করেছিল। সে হিসেবে আগামী ১৬ই মে ২০২৪, তার মেয়াদ শেষ হবে। আরেক মেয়াদে নিয়োগ পেলে তিনি ২০২৮ সালের ১৫ই মে পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক শিবলী রুবাইয়াত–উল–ইসলাম বিএসইসির চেয়ারম্যান হিসাবে নিয়োগের আগে তিনি সাধারণ বীমা করপোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ছিলেন। অধ্যাপক শিবলী রুবাইয়াত–উল–ইসলাম পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর আন্তর্জাতিক ফোরাম আইওস্কোর এশিয়া অঞ্চলের ভাইস–প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, অধ্যাপক শিবলী রুবাইয়াত–উল–ইসলাম এর আগে নয় বছরের দীর্ঘ সময় বিএসইসির চেয়ারম্যান হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক অধ্যাপক এম খায়রুল হোসাইন।