মার্কিন ডলারের দাম চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। এদিকে, ডলারের দামের নিম্নমুখীতার প্রভাবে প্রথমবারের মতো সোনার দাম ছাড়ায় আউন্স প্রতি ৫ হাজার ২০০ ডলারের ঘর।
বুধবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের সমান নির্ণয়কারী সূচক ৯৫ দশমিক ৫৬৬-এ নেমে এসেছে। যা ২০২২ সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন।
বিশেষজ্ঞরা বলছেন, ফেডারেল রিজার্ভ নীতি সুদহার আরও কমাতে পারে এমন প্রত্যাশা, শুল্কনীতি ঘিরে অনিশ্চয়তা, নীতিনির্ধারণে অস্থিরতা- এসব নানা কারণেই ডলারের দাম কমছে। পাশাপাশি ফেডের স্বাধীনতা নিয়ে সম্ভাব্য হস্তক্ষেপের আশঙ্কা ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান রাজস্বঘাটতির প্রভাবও বাজারে পড়েছে।
বিনিয়োগকারীরা মনে করছেন, এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে।
আর আইওয়ায় এক ভাষণের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ডলারের মূল্য আরও কমে যাক-এমনটা তিনি চান না। তার চাওয়া, ডলার নিজের জায়গাতেই থাক।
ডলারের মূল্য খুব বেশি কমে গেছে কি না-এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, না, আমি মনে করি, ডলার দারুণ অবস্থানেই আছে। এসব মন্তব্যের পর ডলার ইনডেক্স বা ডলারের পতন আরও ত্বরান্বিত হয়েছে।
এদিকে, ডলারের দাম চার বছরের মধ্যে প্রায় সর্বনিম্ন পর্যায়ে নেমে আসার কারণে বিশ্ববাজারে সোনার দাম লাফিয়ে বাড়ছে। মঙ্গলবার ৩ শতাংশের বেশি বাড়ার পর বুধবার প্রথমবারের মতো মূল্যবান এই ধাতুর দাম ৫ হাজার ২০০ ডলার ছাড়িয়েছে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।