সাধারণ যাত্রীদের সুবিধার্থে রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আজ থেকে বিআরটিসি বাস চলবে। আটটি বাস দিয়ে শুরু হচ্ছে ফার্মগেট থেকে বিমানবন্দর পর্যন্ত বিরতিহীন সেবা। ‘শাটল সার্ভিস’ হিসেবে চলবে এসব বাস।
গত ২রা সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাওলা থেকে ফার্মগেট অংশ উদ্বোধন করেন। পরদিন থেকে চলছে যানবাহন।
এই পথে সময় লাগছে মাত্র ১২ থেকে ১৩ মিনিট। কিন্ত এক্সপ্রেসওয়ে থেকে নামার পর র্যাম্পের মুখে যানজটে পড়তে হচ্ছে। এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশার চলাচলের অনুমতি না থাকায় সাধারণ যাত্রীরা এই উড়াল মহাসড়কের সুবিধা পাচ্ছেন না।
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলতে বাস প্রতি ১৬০ টাকা টোল দিতে হলেও বাসের যাত্রীদের আপাতত বাড়তি ভাড়া দিতে হবে না। ঢাকার অন্যান্য বাসের মতো কিলোমিটারে ২ টাকা ৪৫ পয়সা ভাড়া দিতে হবে।
মানিক মিয়া অ্যাভিনিউয়ের খেঁজুরবাগান থেকে যাত্রা করবে বিমানবন্দরগামী বাস। বাসটি বিজয় সরণি ফ্লাইওভার হয়ে এলিভেটেডে এক্সপ্রেসওয়েতে উঠবে। পথিমধ্যে যাত্রী ওঠানামা করা যাবে না। বিমানবন্দর র্যাম্প দিয়ে এলিভেটেড এক্সপ্রেস থেকে নামবে।
এ পথে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। তবে উত্তরার জসিম উদ্দীন মোড় পর্যন্ত গেলে দিতে হবে ৪০ টাকা। জসীম উদ্দীন মোড় ঘুরে বিআরটিসি বাস কাওলার র্যাম্প দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠবে। তারপর সরাসরি চলে আসবে ফার্মগেট। ফার্মগেটের র্যাম্প দিয়ে নেমে আবার খেজুর বাগান যাবে। কাওলা থেকে খেজুরবাগানের ভাড়া ৩০ টাকা।