আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সপ্তাহ ও মাসের শেষ দিন প্রধান সূচকের উত্থানের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দৈনিক লেনদেনের পরিমাণও।
বাজার সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিনের স্থবিরতার পর বিনিয়োগকারীদের মধ্যে আবারও আস্থা ফিরতে শুরু করেছে। আজ গভর্নের পরিবর্তন ও আগামীতে বিএসইসির চেয়ারম্যান পরিবর্তন হবে এই প্রত্যাশায় বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব দেখা গেছে।

ব্রোকারেজ হাউজগুলোর তথ্যে দেখা যাচ্ছে, সূচক বাড়ার সঙ্গে সঙ্গে নতুন করে ক্রয়াদেশ বাড়ছে। অনেক বিনিয়োগকারী অপেক্ষাকৃত শক্ত মৌলভিত্তির শেয়ারে অবস্থান নিচ্ছেন। বাজার বিশ্লেষকদের ভাষ্য, ইতিবাচক মনোভাব তৈরি হলে লেনদেন বাড়ে, আর লেনদেন বাড়লেই বাজারে প্রাণ ফিরে আসে।
গভর্নর পরিবর্তনে ইতিবাচক বার্তা
সম্প্রতি বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর পরিবর্তনের পর বাজারে ইতিবাচক মনোভাব লক্ষ্য করা গেছে। বিনিয়োগকারীদের একটি বড় অংশ মনে করছেন, কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে পরিবর্তন নীতিগত সমন্বয় ও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে সহায়ক হতে পারে।
তাদের প্রত্যাশা, মুদ্রানীতি, ব্যাংকিং খাতের তারল্য ব্যবস্থাপনা এবং পুঁজিবাজার বান্ধব সিদ্ধান্তের মাধ্যমে সামগ্রিক আর্থিক পরিবেশ স্থিতিশীল হবে, যা শেয়ারবাজারের জন্য সহায়ক ভূমিকা রাখবে।
সামনে আরেক সম্ভাব্য চমক?
বাজারে এখন আলোচনায় রয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন-এর নেতৃত্বে সম্ভাব্য পরিবর্তন। অনেক বিনিয়োগকারীর ধারণা, কমিশনের চেয়ারম্যান পদে পরিবর্তন এলে তা বাজারের জন্য নতুন বার্তা বহন করবে।
বিনিয়োগকারীদের একাংশের অভিযোগ, বর্তমান চেয়ারম্যানের কিছু সিদ্ধান্ত বাজার উন্নয়নের চেয়ে অনিশ্চয়তা বাড়িয়েছে। নীতিগত ধারাবাহিকতার অভাব, হঠকারী পদক্ষেপ এবং আস্থার ঘাটতি বাজারকে ক্ষতিগ্রস্ত করেছে বলে তাদের দাবি। ফলে কমিশনে নেতৃত্ব পরিবর্তন হলে তা বিনিয়োগকারীদের কাছে একটি ইতিবাচক ‘চমক’ হিসেবে বিবেচিত হতে পারে।
আস্থা ফিরলেই বাজার চাঙ্গা
বিশ্লেষকদের মতে, শেয়ারবাজার মূলত আস্থার উপর দাঁড়িয়ে থাকে। নীতিনির্ধারণী পর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহি ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে সূচকের ঊর্ধ্বগতি টেকসই হতে পারে।
বর্তমান পরিস্থিতিতে সূচক ও লেনদেনের একসঙ্গে বৃদ্ধি বাজারে আশাবাদের ইঙ্গিত দিচ্ছে। তবে এই গতি ধরে রাখতে হলে প্রয়োজন স্থিতিশীল নীতি, কার্যকর তদারকি এবং বিনিয়োগকারীদের আস্থা পুনর্গঠন।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, যদি আর্থিক খাতে কাঠামোগত সংস্কার ও পুঁজিবাজারে সুশাসন জোরদার হয়, তাহলে সামনে শেয়ারবাজারে সত্যিই বড় ধরনের ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।