আন্তর্জাতিক বাজারে সোনার দর আবারও আউন্সপ্রতি পাঁচ হাজার মার্কিন ডলার ছাড়িয়েছে। গত শুক্রবার স্বর্ণের দাম ২ শতাংশের বেশি বেড়ে পাঁচ হাজার ২২ ডলারে পৌঁছায়। যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে এপ্রিলে লেনদেন নিষ্পত্তি হবে– এমন স্বর্ণের দর প্রতি আউন্স কেনাবেচা হয়েছে পাঁচ হাজার ৪৬ ডলারে।
এর আগের দিন প্রায় ৩ শতাংশ দর পতনে এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমেছিল। খবর রয়টার্স।
এদিকে বাংলাদেশের বাজারে ২২ ক্যারেট মানের সোনার সর্বশেষ দাম (ভ্যাট ছাড়া) প্রতি ভরি দুই লাখ ৬১ হাজার ৪০ টাকা। সর্বশেষ গত ৯ ফেব্রুয়ারি এ দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস), যা গতকাল পর্যন্ত বহাল ছিল। বাজুস নির্ধারিত ৮ ফেব্রুয়ারির দর ছিল প্রতি ভরি দুই লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। সেদিন আন্তর্জাতিক স্পট বাজারে সোনার দর ছিল আউন্স প্রতি পাঁচ হাজার ১৭ ডলার।
রয়টার্সের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি প্রত্যাশার তুলনায় কম বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দেশটিতে কর্মসংস্থান বেড়েছে– এমন খবরে সুদের হার ভবিষ্যতে কমানো হবে বলে ধারণা করছেন সোনার বাজারের বিনিয়োগকারীরা। এ কারণে গত সপ্তাহের মাঝামাঝি সোনার দরে পতন হয়েছিল। সেখান থেকে আবার দ্রুত ঘুরে দাঁড়িয়েছে। সোনার বাজারের বিশ্লেষক তাই ওয়ং বলেন, জানুয়ারির ভোক্তা মূল্যসূচক প্রত্যাশার চেয়ে কম এসেছে। আবার শ্রমবাজারের তথ্যে দেখা যাচ্ছে, কর্মসংস্থান বেড়েছে। এই দুই কারণ সোনার দরকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেছে।
এদিকে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ব্যাংক (এএনজেড) দ্বিতীয় প্রান্তিকে সোনার দর আরও বাড়তে পারে বলে তাদের পূর্বাভাস সংশোধন করেছে। ব্যাংকটির নতুন পূর্বাভাসে বলা হয়েছে, আউন্সপ্রতি সোনার দর পাঁচ হাজার ৮০০ ডলারে উন্নীত হতে পারে।
রয়টার্সের খবরে আরও বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন ও ভারতে সোনার বাজারে এখন বিপরীত অবস্থা। চান্দ্র নববর্ষ পালন উপলক্ষে চীনের বাজারে সোনার চাহিদা তুঙ্গে আছে। তবে ভারতীয় বাজারে চাহিদা কমায় আমদানিকারক ও পাইকারি ক্রেতারা কম মূল্যে সোনা বিক্রি করছেন। সংবাদ পোর্টাল নিউজ১৮-এর খবর অনুযায়ী, গতকাল শনিবার কলকাতা, দিল্লি ও মুম্বাইয়ের বাজারে প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৬৪ হাজার ৯৬৪ রুপিতে কেনাবেচা হয়েছে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।