স্বর্ণ বাজারে দামের অস্থিরতা অব্যাহত রয়েছে। কয়েক দফা ওঠানামার পর এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।
গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৪৭ হাজার ১০২ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি বিক্রি হবে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকায়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা ও স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় এই সমন্বয় করা হয়েছে।
এদিকে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) স্পষ্ট করেছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করা বাধ্যতামূলক। তবে গহনার নকশা, কারুকাজ ও মান অনুযায়ী মজুরির পরিমাণ পরিবর্তিত হতে পারে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, দামের এই অস্থিরতা ক্রেতাদের সিদ্ধান্তে প্রভাব ফেলছে। বিশেষ করে বিয়ে ও উৎসব মৌসুমকে সামনে রেখে স্বর্ণের চাহিদা থাকলেও উচ্চমূল্যের কারণে অনেকেই অপেক্ষা করার কৌশল নিচ্ছেন।