ঢাকা দ্রুতগতির উড়ালসড়কে (ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে) চালু হলো বাসসেবা। আজ সোমবার(১৮ই সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থা বিআরটিসির আটটি বাস দিয়ে শুরু হলো এ সেবা।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিআরটিসির এ বাস চলাচলের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী। সঙ্গে ছিলেন বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।
উদ্বোধনের পর বেলা ১১টা ২৫ মিনিটে প্রথম বাস উত্তরা জসীমউদ্দীন রোডের উদ্দেশে ছেড়ে যায়।
এই বাস অনেকটা ‘শাটল’ সার্ভিসের মতো। অর্থাৎ শুধু উড়ালসড়ক কেন্দ্র করে চলবে। ফার্মগেটের খেজুর বাগানের কাছ থেকে বাসগুলো ছাড়বে। এরপর উড়ালসড়ক দিয়ে উত্তরা জসীমউদ্দীন রোড হয়ে খেজুরবাগান এলাকায় ফিরে আসবে। এভাবে সকাল সাতটা থেকে সারা দিন চলবে বাসগুলো। রাত পর্যন্ত যতক্ষণ যাত্রী পাওয়া যাবে, ততক্ষণ চলবে।
২রা সেপ্টেম্বর বিমানবন্দর এলাকার কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত ঢাকা দ্রুতগতির উড়ালসড়কে যান চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাড়ে ১১ কিলোমিটার উড়ালসড়ক পাড়ি দিতে ১২ থেকে ১৩ মিনিট লাগছে। কিন্তু এই উড়ালসড়কে বাস উঠছে না। এর কারণ হিসেবে বলা হচ্ছে, যাত্রী পাওয়া যায় না।
কারণ, মাঝপথে বাসে ওঠানামার কোনো সুযোগ নেই। এ জন্য বিআরটিসির বাসগুলো কোথাও না থেমে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যাত্রী পরিবহন করবে।
ঢাকা দ্রুতগতির উড়ালসড়কে প্রতিটি বাসকে ১৬০ টাকা টোল দিতে হবে। তবে খেজুরবাগান থেকে বিমানবন্দর পর্যন্ত ১৫ কিলোমিটারের ভাড়া ৩৫ টাকাই থাকছে। আর জসীমউদ্দীন পর্যন্ত ১৭ কিলোমিটার রুটের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৪৫ পয়সা দাঁড়াচ্ছে। ই-টিকিটিংয়ের ব্যবস্থা থাকায় বেশি ভাড়া নেওয়ার সুযোগও হবে না বলে জানিয়েছে বিআরটিসি সূত্র।
বিআরটিসির চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম বলেন, পরীক্ষামূলকভাবে আটটি বাস দিয়ে যাত্রা শুরু হবে। চাহিদা থাকলে আরও বাস বাড়ানো হবে। তিনি আরও বলেন, আটটি বাস অন্য কোনো পথে চলবে না; শুধু উড়ালসড়কে চলাচল করবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।