নতুন সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর নিজের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানের চেয়ারম্যানের পদ ছাড়লেন আফরোজা খানম রিতা। মন্ত্রীত্ব গ্রহণের পরপরই তিনি মুন্নু গ্রুপ ও এর সহযোগী সব প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন।
শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ, মুন্নু এগ্রো ও মুন্নু ফেব্রিকস—এই তিন প্রতিষ্ঠানের পক্ষ থেকে গত বুধবার জানানো হয়, প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান পদে পরিবর্তন আনা হয়েছে। নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মইনুল ইসলাম।
কোম্পানি–সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মঙ্গলবার তালিকাভুক্ত তিন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন চেয়ারম্যান মইনুল ইসলাম, যিনি আফরোজা খানম রিতার স্বামী।
মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগ পর্যন্ত আফরোজা খানম রিতা মুন্নু গ্রুপের পাশাপাশি শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সংবিধানের বিধান কী বলছে?
বাংলাদেশের সংবিধানের ১৪৭ অনুচ্ছেদ অনুযায়ী, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা কোনো লাভজনক পদে বা মুনাফাভিত্তিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও পরিচালনায় অংশ নিতে পারেন না।
এই সাংবিধানিক বিধান অনুসরণ করেই মন্ত্রীত্ব গ্রহণের পর ব্যবসায়িক প্রতিষ্ঠানের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন আফরোজা খানম রিতা। সংশ্লিষ্ট মহলের মতে, সাংবিধানিক বাধ্যবাধকতা ও নৈতিক স্বচ্ছতা রক্ষায় এ ধরনের পদক্ষেপ গুরুত্বপূর্ণ।