সরকার পরিবর্তনের পর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কয়েকটি বিভাগে উচ্চপর্যায়ে রদবদল শুরু হয়েছে। ঈদের পর আরও কিছু দপ্তরে সদস্যপদ ও চুক্তিভিত্তিক নিয়োগে পরিবর্তন আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। অনেকের মতে, নীতিগত গতি ফিরিয়ে আনা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে এই পুনর্বিন্যাস সময়োপযোগী।
সরকার পরিবর্তনের পর দেশের অর্থ ও পুঁজিবাজার ঘিরে নীতিগত ও প্রশাসনিক পর্যায়ে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। দীর্ঘদিনের স্থবিরতা, আস্থার সংকট এবং নীতিনির্ধারণে ধীরগতির প্রেক্ষাপটে কাঠামোগত সংস্কারের বিষয়টি এখন সামনে এসেছে নতুন করে। সংশ্লিষ্ট মহলের মতে, কার্যকর ও সময়োপযোগী পরিবর্তন আনা গেলে অর্থনীতির গতি বাড়তে পারে এবং শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারের পথ তৈরি হতে পারে।
কথা কম বলে কাজ বেশি করতে চাই: অর্থমন্ত্রীর কথায় কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা
এই প্রেক্ষাপটে আর্থিক খাতের মূল প্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব, নীতিমালা ও প্রশাসনিক কাঠামোয় সম্ভাব্য রদবদল নিয়ে বাজারে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা।
ঈদের আগে–পরে অর্থ ও বাণিজ্য মন্ত্রনালয়, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ–এও কাঠামোগত ও প্রশাসনিক পরিবর্তনের আভাস রয়েছে। এসব প্রতিষ্ঠানের কার্যকর ভূমিকা দেশের আর্থিক খাত ও পুঁজিবাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দেশের শেয়ারবাজার ও সামগ্রিক অর্থনীতিতে শিগগিরই বৈপ্লবিক পরিবর্তন আসবে: অর্থমন্ত্রী
বাজারসংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, এই পরিবর্তনের মাধ্যমে নীতিনির্ধারণে স্বচ্ছতা ও গতিশীলতা বাড়বে। অর্থনীতির স্থবিরতা কিছুটা কাটবে এবং শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ধীরে ধীরে ফিরে আসবে।
তবে ইতিবাচক ফল আসবে কি না, তা নির্ভর করবে নিয়োগের মান, নেতৃত্বের দক্ষতা এবং ধারাবাহিক নীতিপালনের ওপর।
আমরা সাধারণ মানুষ হিসেবে প্রত্যাশা করি, দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে সর্বক্ষেত্রে গ্রহণযোগ্য, যোগ্য ও সৎ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হবে। দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নিলে উন্নয়ন ও স্থিতিশীলতা—দুটিই নিশ্চিত করা সম্ভব।
Author
-
মোঃ জসিম উদ্দিন তালুকদার দেশের পুঁজিবাজারের সাথে সরাসরি যুক্ত। তিনি উপ-মহাব্যবস্থাপক, জাহান সিকিউরিটিজ লিমিটেডের। পোর্টফোলিও পরিচালনায় সুদক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন। তিনি ২০ বছর ধরে অত্যন্ত সুনামের সহিত পুঁজিবাজারের সাথে যুক্ত আছেন।
View all posts