বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। এতে ইতিহাসে প্রথমবারের মতো মূল্যবান এই ধাতুর দাম ৫ হাজার ২০০ ডলার প্রতি আউন্সের মাইলফলক ছুঁয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৮ জানুয়ারি) স্পট মার্কেটে সোনার দাম শূন্য দশমিক ৬ শতাংশ বাড়িয়ে প্রতি আউন্স ৫ হাজার ২১৯ দশমিক ৯৭ ডলারে পৌঁছেছে। এর আগে সোনার সর্বকালের সর্বোচ্চ দাম ২২৪ দশমিক ৯৫ ডলার স্পর্শ করেছিল।
বছরের শুরু থেকে সোনার দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে। আর ফেব্রুয়ারিতে ডেলিভারির জন্য মার্কিন সোনার ফিউচার ২ দশমিক ৬ শতাংশ বেড়ে ৫ হাজার ২১৬ দশমিক ৮০ ডলারে লেনদেন হচ্ছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, মার্কিন ফেডারেল রিজার্ভের মুদ্রানীতির সিদ্ধান্তের আগে এবং ভূ-রাজনৈতিক উদ্বেগের মধ্যে ডলারের দাম চার বছরের মধ্যে প্রায় সর্বনিম্ন পর্যায়ে নেমে আসার কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম লাফিয়ে বাড়ছে। মঙ্গলবার ৩ শতাংশের বেশি বাড়ার পর বুধবার প্রথমবারের মতো মূল্যবান এই ধাতুর দাম ৫ হাজার ২০০ ডলার ছাড়িয়েছে।
এদিকে, অন্যান্য মূল্যবান ধাতুতে ও উত্থান দেখা গেছে। সোমবার স্পট সিলভার শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১১৩ দশমিক ৬৩ ডলারে পৌঁছেছে, যা চলতি বছরের শুরু থেকে প্রায় ৬০ শতাংশ বেড়েছে। স্পট প্লাটিনামের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২ হাজার ৬৭৯ দশমিক ১৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ১ হাজার ৯৫১ দশমিক ৯৩ ডলারে স্থিত হয়েছে।
বিশ্লেষকদের মতে, ডলারের দুর্বলতা, ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা ও বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদে ঝোঁকার কারণে স্বর্ণ ও অন্যান্য ধাতুর দাম আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী।